কুয়াকাটা সৈকতে গোসলে নেমে প্রাণ গেল পর্যটকের
May 10 2025, 19:28
কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে গোসল করতে নেমে পানিতে ডুবে রাজেশ কুমার পাল (৪০) নামের এক পর্যটক মারা গেছেন। শনিবার সকালে সৈকতের জিরো পয়েন্টর পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। রাজেশ কুমার পাল রাজশাহীর পুঠিয়া উপজেলার নামাজ গ্রামের শরৎ কুমার পালের ছেলে।
রাজেশের সঙ্গে সৈকতে গোসল করতে নামা তার ভগ্নিপতি কমল কুমার জানান, শুক্রবার রাতে রাজশাহী থেকে কুয়াকাটায় এসে তারা একটি আবাসিক হোটেলে ওঠেন। সকালে স্বজনদের সবাই সৈকতে গোসল করতে নামেন। এ সময় স্রোতের তোড়ে সমুদ্রের গভীর চলে যান রাজেশ। বিষয়টি টের পেয়ে চিৎকার করতে থাকেন কমল। পরে ট্যুরিস্ট পুলিশ এসে রাজেশকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের উপপুলিশ পরিদর্শক মো. সবুর মিয়া বলেন, ‘পর্যটকদের চিৎকারে সেখানে গিয়ে এক পর্যটককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত্যু ঘোষণা করেন। পরে মহিপুর থানা পুলিশের কাছে আমরা লাশটি হস্তান্তর করি।’
মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ‘কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রাজেশ কুমার পাল নামের এক পর্যটকের লাশ হস্তান্তর করেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’










































