দাঁড়িপাল্লায় আস্থা নিয়ে মাঠে প্রতিবন্ধী নূর ইসলাম

December 02 2025, 18:41

১৩

স্টাফ রিপোর্টার : জন্ম থেকেই নেই ডান হাত। কিন্তু তাই বলে থেমে থাকেননি নূর ইসলাম (৪০)। শারীরিক প্রতিবন্ধকতা তাকে দমাতে পারেনি। বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার পূর্ব সাটটি এলাকার এই মানুষটি জীবনযুদ্ধে লড়ে যাচ্ছেন এক দোকানের কর্মচারী হিসেবে। সংসারে তিন সন্তানসহ পাঁচজনের দায়িত্ব তার কাঁধে। মানুষের সাহায্য-সহযোগিতা আর নিজের অদম্য ইচ্ছাশক্তিই তার বেঁচে থাকার ভরসা।

গতকাল বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইসলামী সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশে দেখা গেছে—বাম হাতে দাঁড়িপাল্লার প্রতীক উঁচিয়ে নীরবে দাঁড়িয়ে আছেন নূর ইসলাম। ভিড়ের মাঝেও তার দৃঢ়তা ও প্রতীকের প্রতি বিশ্বাস যেন চোখে পড়ার মতো।

কথা হয় নূর ইসলামের সঙ্গে। দাঁড়িপাল্লা সমর্থনের কারণ জানতে চাইলে তিনি বলেন—“আমি জন্ম থেকেই ডান হাত ছাড়া মানুষ। কিন্তু তাই বলে অন্যায়কে সমর্থন করব না। দাঁড়িপাল্লা ন্যায়, ইনসাফ আর ইসলামী আদর্শের প্রতীক। মানুষের হক নষ্ট না করার শিক্ষা দেয় এই প্রতীক। আমি ছোটবেলা থেকেই ইনসাফকে ভালোবাসি, তাই দাঁড়িপাল্লাকেও ভালোবাসি।”

তিনি আরও বলেন—“আমার সংসার খুব কষ্টে চলে। ছেলে-মেয়েদের লেখাপড়া চালাই অনেক অভাবে। তারপরও আমি চাই দেশে ন্যায় প্রতিষ্ঠা হোক। দাঁড়িপাল্লার মাধ্যমে ইনসাফভিত্তিক সমাজ গড়ে উঠুক—এই আশাতেই আজ মাঠে দাঁড়িয়ে আছি।”

প্রতিবন্ধকতা জয় করে নিজের বিশ্বাসে অটল নূর ইসলামের উপস্থিতি সমাবেশে নজর কেড়েছে অনেকের। জীবনের কঠিন বাস্তবতার মধ্যে থেকেও আদর্শের প্রতি তার দৃঢ় আনুগত্য সমাজে বিরলই বলা যায়।