ভোলায় কোস্টগার্ডের অভিযানে ট্রলিং বোট-জালসহ আটক ২০
জানুয়ারি ০১ ২০২৬, ১৮:১৬
চরফ্যাশন প্রতিনিধি : ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও জালসহ ২০ জন জেলে আটক। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১ জানুয়ারি ২০২৬ তারিখ বৃহস্পতিবার ভোর ৪টায় কোস্ট গার্ড আউটপোস্ট চরমানিকা কর্তৃক ভোলার দুলারহাট থানাধীন আহম্মদপুরের মায়া ব্রীজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ২টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। জব্দকৃত ট্রলিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৭ টি অবৈধ বেহুন্দী জালসহ ২০ জন জেলেকে আটক করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত বোটের ট্রলিং গিয়ার অপসারণ করনো হয়। জব্দকৃত বোট ও জাল এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।









































