স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

এপ্রিল ১৭ ২০২৬, ২২:৩১

গলাচিপা প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের বড় গাবুয়া গ্রামে হাসান হাওলাদার (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের বড় গাবুয়া গ্রামের মস্তফা হাওলাদারের ছেলে হাসান হাওলাদার গত কয়েক দিন ধরে তার স্ত্রীর হালিমার সঙ্গে মনোমালিন্য চলে আসছিল।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটি করে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে বের হয়ে যায়। এর পর থেকে হাসানকে খুঁজে পাওয়া যায়নি। একপর্যায়ে ঘটনার জের ধরে শুক্রবার রাত ৪টার দিকে নিজ বাড়ির পরিত্যক্ত ঘরে গলায় জাল পেঁচিয়ে আত্মহত্যা করেন।

শুক্রবার ফজরের নামাজের সময় হাসানকে তার বাবা পরিত্যক্ত ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেয়। তার চিৎকারে লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় গলাচিপা থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।