কলাপাড়ায় দুই মাদক ব্যবসায়ীসহ ৩ জনকে কারাদন্ড

এপ্রিল ০১ ২০২৬, ১৮:৪৯

কলাপাড়া প্রতিনিধি : কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন (মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও আনসার সদস্যদের) যৌথ অভিযান চালিয়ে তিন মাদককাবারীকে গ্রেফতার করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার ভোররাতে উপজেলার চম্পাপুর ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম মাছুয়াখালী থেকে তাদের ৪ পিচ ইয়াবা ও ৪ পুড়িয়া গাঁজা সহ গ্রেফতার করা হয়।

পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক মাদক ব্যবসায়ী শাহীন (৩২) ও বাচ্চু (৪৬) কে ১৫ দিন বিনাশ্রম কারাদন্ড এবং মাদক সেবনকারী বশার (৪০) কে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এসময় জনসম্মুখ্যে মাদকগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক বলেন, কয়েকদিন আগে এক যুবক জেলা প্রশাসনের প্রধান ফটকে প্ল্যাকার্ড হাতে মাদকের ভয়ানক আগ্রাসনের প্রতিবাদ জানানোর পাশাপাশি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন। পরবর্তীতে পটুয়াখালী জেলা প্রশাসকের নির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়েছে।

গভীর রাত থেকে অভিযান চালিয়ে ভোররাতে মাদক ব্যবসায়ীদের আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তবে আমরা পৌছানোর আগেই আরও দুইজন বড় মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।