জিডি করায় আরও বেপরোয়া আসামিরা, হুমকি-ধমকির অভিযোগ
মে ০৪ ২০২৬, ১৬:৫২
স্টাফ রিপোর্টার : পিরোজপুরের নাজিরপুর উপজেলায় হুমকি-ধমকির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর আরও বেপরোয়া হয়ে উঠেছে অভিযুক্তরা—এমন অভিযোগ উঠেছে ভুক্তভোগীর পক্ষ থেকে।
জিডি সূত্রে জানা যায়, উপজেলার উত্তর চালিতাবাড়ির বাসিন্দা মোঃ নিজামুল হক ফকির (৬১) পূর্ব বিরোধের জেরে গত ১০ এপ্রিল নাজিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ৪৪৫) করেন। এতে তিনি কয়েকজনকে আসামি করেন। এরা হলেন একই এলাকার মোঃ আইয়ুব আলী ফকির (৬৭) তার দুই ছেলে জাহিদ ফকির (৩৫) ও মোঃ ওহিদ ফকির (৪০) এবং একি এলাকার মো: সিরাজুল ইসলাম খান (৩৮)সহ আরও অজ্ঞাতনামা কয়েকজন।
এই অভিযোগের পর আসামিরা পরিকল্পিতভাবে ১১ এপ্রিল নিজামুল হক ফকিরের উপর হত্যার উদ্দেশ্যে হামলা করে। এতে নিজামুল হক ফকির ও তার নাতি সহ অনেকে আহত হয়।
অভিযোগে বলা হয়, অভিযুক্তদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে তারা বিভিন্ন সময় ভুক্তভোগীকে ভয়ভীতি প্রদর্শন করে আসছে। গত ১০ এপ্রিল সকাল আনুমানিক ১১টার দিকে আসামিরা সংঘবদ্ধ হয়ে তার বসতবাড়ির সামনে এসে গালিগালাজ করে এবং হুমকি প্রদান করে।
ভুক্তভোগীর দাবি, জিডি করার পর পরিস্থিতির উন্নতি না হয়ে উল্টো আসামিরা আরও বেপরোয়া হয়ে ওঠে। তারা প্রকাশ্যে হুমকি-ধমকি অব্যাহত রেখেছে এবং যেকোনো সময় বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি করেছে। এতে করে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।









































