ইউপি চেয়ারম্যানকে অপহরণ, এক লাখ টাকায় মুক্তি

জানুয়ারি ০২ ২০২৫, ১৮:৪৮

পটুয়াখালী প্রতিনিধি !! পটুয়াখালী সদর উপজেলার মৌকরণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢাকার রমনা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী রাইসুল ইসলাম সেলিমকে ডিবি পরিচয়ে অপহরণের ৪০ ঘণ্টা পর মুক্তি পেয়েছেন। অপহরণকারীরা ‘এক কোটি টাকা’ মুক্তিপণ দাবি করলে ‘এক লাখ টাকা’ দেওয়া হয়েছে বলে জানিয়েছে পরিবার।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কেরাণীগঞ্জের দোলেশ্বরপাড়া এলাকা থেকে সেলিমকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমতিয়াজ আহম্মেদ। তিনি বলেন, ‘ঢাকার কেরানীগঞ্জ থানা পুলিশ বিষয়টি দেখছে। আমরা কেরানীগঞ্জ থানার সাথে যোগাযোগ রাখছি।’

এর আগে গত মঙ্গলবার মঙ্গলবার রাত ১১টার দিকে সেলিম দুমকি উপজেলার লেবুখালী বাসস্যান্ড থেকে গ্রীন লাইন পরিবহনের একটি বাসে ঢাকা ফিরছিলেন। পথে গভীর রাতে ঢাকার কেরাণীগঞ্জ এলাকায় একটি মাইক্রোবাস বাসটির গতিরোধ করে একদল লোক ডিবি পুলিশ পরিচয় উঠে বাসে পড়ে। পরে সেলিমকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

এদিকে অপহরণের পর তার পরিবারের কাছে কোটি টাকার চাঁদা দাবি করা হয়েছে অভিযোগ করে সেলিমের স্ত্রী ফারহানা খানম বলেন, ‘ঢাকায় আসার পথে মঙ্গলবার রাত দেড়টার দিকে সর্বশেষ কথা হয়েছে সেলিমের সাথে। তারপর সকাল ৬টায় আমার ঘুম ভেঙে গেলে দেখি ও আসেনি। আমি সাথে সাথে ফোন করলাম এবং সেলিমই ফোন ধরে আমাকে বলল, ফারহানা ওরা ৩০-৪০ জন লোক আমাকে আটকে রেখেছে। ওরা টাকা চায়। কিসের টাকা? জিজ্ঞেস করতেই একজন লোক ফোন কেড়ে নিয়ে বলল, চান্দা-চান্দা। সেলিমকে জিজ্ঞাসা করলাম- কত টাকা। বলল, এক কোটি। পরে আমি সেলিমের ফোনে এক লক্ষ টাকা দিয়েছি।’ এর পর বুধবার রাত ১০টার পর থেকে সেলিমের ফোন বন্ধ ছিল বলে জানান তার স্বজনরা।