বরিশালে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে পৃথক র‌্যালি

আগস্ট ১৯ ২০২৬, ২০:০৭

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে পৃথক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকালে বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দল এবং বিকেলে মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এসব র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

সকালে বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম জনির সভাপতিত্বে র‌্যালিতে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল আহসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিজামুর রহমান নিজামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও র‌্যালিতে অংশ নেন। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

অন্যদিকে, বিকেলে বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পৃথক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

র‌্যালিতে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদারসহ মহানগর বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মহানগরের ৩০টি ওয়ার্ড থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক বিকেলের র‌্যালিতে অংশ নেন। দলীয় স্লোগান ও ব্যানার-ফেস্টুন নিয়ে নেতাকর্মীদের অংশগ্রহণে র‌্যালিটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মধ্য দিয়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের আরও সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করা হয়।

দিনব্যাপী এসব কর্মসূচিতে বরিশাল জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।