নিজস্ব প্রতিবেদক : জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বরিশালসহ দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় চরম দারিদ্র্যের ঝুঁকি বাড়ছে। নদীভাঙন, বন্যা, লবণাক্ততা ও ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগে জীবিকা ও সম্পদ হারিয়ে আগে দারিদ্র্যের বাইরে থাকা পরিবারগুলোও নতুন করে চরম দারিদ্র্যে পড়ছে। দুর্যোগের ক্ষতি কাটিয়ে উঠতে দীর্ঘ সময় লাগায় এসব পরিবারের দারিদ্র্য থেকে বেরিয়ে আসাও কঠিন হয়ে পড়েছে।

দক্ষিণ এশীয় অর্থনৈতিক মডেলিং নেটওয়ার্কের (সানেম) এক গবেষণায় এ চিত্র উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে, জলবায়ু ঝুঁকি সূচক এক একক বাড়লে একটি পরিবারের চরম দরিদ্র হওয়ার সম্ভাবনা ১ দশমিক ৫ শতাংশ পয়েন্ট বাড়ে; একই হারে বাড়ে নতুন করে চরম দারিদ্র্যে প্রবেশের আশঙ্কাও।

‘ন্যাভিগেটিং এক্সট্রিম পভার্টি: সোশিওইকোনমিক, পলিটিক্যাল অ্যান্ড ক্লাইমেট ডায়নামিকস ইন বাংলাদেশ’ শীর্ষক এ গবেষণার ফল গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ সম্মেলনকক্ষে উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ও সানেমের গবেষণা পরিচালক মাহতাব উদ্দিন।

গবেষণায় ২০১৮ ও ২০২৩ সালের সানেম-জিডিআই পরিবারের খানা প্যানেল জরিপের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। পাশাপাশি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) জলবায়ু ঝুঁকি সূচক, স্যাটেলাইট ও নির্বাচন কমিশনের তথ্য ব্যবহার করা হয়। গুণগত তথ্য সংগ্রহে দেশের ২০টি জেলার নির্বাচিত উপজেলায় ২০টি ফোকাস গ্রুপ আলোচনা (এফজিডি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে ২০টি গুরুত্বপূর্ণ ব্যক্তির সাক্ষাৎকার (কেআইআই) নেওয়া হয়। আলোচিত উপকূলীয় জেলাগুলোর মধ্যে রয়েছে বরিশাল, ভোলা, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা, খুলনা ও বাগেরহাট।

গবেষণার আঞ্চলিক বিশ্লেষণে দারিদ্র্যপ্রবণ দুটি বড় অঞ্চল চিহ্নিত করা হয়েছে—একটি রংপুর বিভাগের ঐতিহাসিক মঙ্গাপীড়িত এলাকা এবং অন্যটি দক্ষিণের উপকূলীয় লবণাক্ততাপ্রবণ অঞ্চল। উপকূলীয় অঞ্চলের দারিদ্র্যকে মূলত ভৌগোলিক ও কাঠামোগত সমস্যা হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। মাঠপর্যায়ের তথ্যে দেখা গেছে, ভোলা ও খুলনার কোনো কোনো এলাকায় বছরে দুই থেকে তিনবার প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়তে হয় মানুষকে। পিরোজপুরের কিছু এলাকায় দুর্যোগের ক্ষতি কাটিয়ে উঠতে চার থেকে পাঁচ বছর লাগে, কখনো তা সম্ভবও হয় না। দুর্যোগের পর আয় ও সম্পদ হারিয়ে পরিবারগুলো উচ্চ সুদে ঋণ নেয়, গবাদিপশু বিক্রি করে এবং খাবার, স্বাস্থ্য ও শিক্ষার ব্যয় কমাতে বাধ্য হয়।

২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে আগে চরম দরিদ্র ছিল না এমন পরিবারের ৫ দশমিক ৩ শতাংশ নতুন করে চরম দারিদ্র্যে পড়েছে। একই সময়ে আগে চরম দরিদ্র থাকা পরিবারের ৮১ দশমিক ৮ শতাংশ দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে।

শিক্ষা, নারী নেতৃত্ব ও অভিবাসনের প্রভাব: পরিবারপ্রধানের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা তার বেশি হলে চরম দারিদ্র্যে পড়ার ঝুঁকি ৫ দশমিক ৭ শতাংশ পয়েন্ট কমে। অন্যদিকে, নারীপ্রধান পরিবারে এ ঝুঁকি ৫ দশমিক ৮ শতাংশ পয়েন্ট বেশি। পরিবারের কোনো সদস্য আন্তর্জাতিক অভিবাসী হলে চরম দারিদ্র্যে পড়ার ঝুঁকি ৩ দশমিক ৫ শতাংশ পয়েন্ট কমে।

সামগ্রিক দারিদ্র্যের গতিপথে ১৯৯০ সালে দেশে জাতীয় দারিদ্র্যের হার ছিল ৫০ দশমিক ৪ শতাংশ, যা ২০১৯ সালে কমে ২০ দশমিক ৫ শতাংশে নেমে আসে। করোনাভাইরাস মহামারির কারণে ২০২০ সালে উচ্চ দারিদ্র্যের হার বেড়ে ৪২ শতাংশে পৌঁছায়। পরে তা কমে ২০ দশমিক ৭ শতাংশে নেমে এলেও নিম্ন দারিদ্র্যের হার প্রায় ৮ শতাংশে স্থবির হয়ে আছে।

গবেষণায় উল্লেখ করা হয়, বাগেরহাট ও ভোলা দেশের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ জেলা হলেও সবচেয়ে বেশি প্রয়োজন এমন মানুষের কাছে জলবায়ুজনিত সহায়তা যথাযথভাবে পৌঁছাচ্ছে না। ঘন ঘন বন্যার শিকার কিছু এলাকাও পর্যাপ্ত সহায়তা পাচ্ছে না। দুর্যোগপ্রবণ পরিবারের জন্য সামাজিক সুরক্ষা সুবিধা বাড়ানো এবং অঞ্চলভেদে মানুষের প্রয়োজন বিবেচনায় সহায়তা কর্মসূচি নেওয়ার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ সরকারি সেবার দুর্বলতাও এতে উঠে এসেছে।

রাজনৈতিক অর্থনীতির বিশ্লেষণে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের প্রায় ৫৭ শতাংশ—অর্থাৎ ৪ লাখ ৪৮ হাজার কোটি টাকা দারিদ্র্য বিমোচনে বরাদ্দ রাখা হয়েছে। এত বিপুল বরাদ্দ সত্ত্বেও দারিদ্র্য স্থায়ী হওয়ার পেছনে দরিদ্র মানুষের কাছে সম্পদের সুফল না পৌঁছানো, সহায়তা বিতরণে অনিয়ম এবং শ্রমের বিনিময়ে উপার্জিত অর্থ থেকে বিভিন্নভাবে অর্থ আদায়ের বিষয়টি তুলে ধরা হয়েছে।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশীদ বলেন, “গবেষণার ফলাফল বেশ তাৎপর্যপূর্ণ এবং বাংলাদেশের নীতিনির্ধারণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জলবায়ু পরিবর্তন এ অঞ্চলের জন্য বড় চ্যালেঞ্জ, আর পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে।”

আলোচক হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মারজিয়া নোমী বলেন, “দারিদ্র্য মানুষের জীবনের বাস্তবতার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। অর্থনীতির গবেষণায় রাজনৈতিক হস্তক্ষেপ ও দারিদ্র্যের সম্পর্ক নিয়ে খুব বেশি আলোচনা হয়নি; এ দিক থেকে গবেষণাটি গুরুত্বপূর্ণ ও সাহসী উদ্যোগ।” জলবায়ু পরিবর্তনের কারণে বরিশাল অঞ্চল এবং নারীপ্রধান পরিবারগুলো অধিক ঝুঁকিতে রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক জ্যোতির্ময় বিশ্বাস।