নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীতে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ পাইপের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। অভিযানে সড়ক ও জনচলাচলের পথে অননুমোদিতভাবে স্থাপন করা বিভিন্ন পাইপ অপসারণের পাশাপাশি তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিনব্যাপী নগরীর ভাটিখানা সড়ক এবং ২৪ নম্বর ওয়ার্ডের কাটাখালী খাল-সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বরিশাল সিটি করপোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে জনসাধারণের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ পাইপগুলো অপসারণ করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এসব পাইপ ব্যবহার করে পুনরায় প্রতিবন্ধকতা সৃষ্টি রোধে সেগুলো বিনষ্ট করা হয়।

অভিযানে বিসিসির উচ্ছেদ শাখার প্রধান মো. লকিতুল্লাহ শিকদারসহ সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, নগরীর সড়ক ও জনসাধারণের চলাচলের পথ নির্বিঘ্ন রাখা এবং জনস্বার্থ রক্ষায় এ ধরনের উচ্ছেদ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।