আসন্ন দূর্গাপূজা ঘিরে বিএমপি’র সর্বোচ্চ নিরাপত্তা জোরদার

September 21 2025, 18:58

১১

স্টাফ রিপোর্টার : শারদীয় দূর্গাপূজা উদযাপনকে কেন্দ্র করে বরিশাল নগরীতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বিএমপি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সিসি ক্যামেরা পর্যবেক্ষণ, মাদক ও ইভটিজিং দমন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের ঘোষণা দিয়েছে পুলিশ প্রশাসন।

পূজামণ্ডপে সার্বক্ষণিক সিসি ক্যামেরা পর্যবেক্ষণ, স্বেচ্ছাসেবক মোতায়েন, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, নির্দিষ্ট সময়ে প্রতিমা বিসর্জন এবং বিসর্জন স্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা হচ্ছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিএমপি হেডকোয়ার্টার্স হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম। পূজা উপলক্ষ্যে আয়োজিত এ সভায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

পুলিশ কমিশনার বলেন, “আইন-শৃঙ্খলা বিরোধী কোনো কার্যক্রম যেমন মাদক, ইভটিজিং কিংবা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য সোশ্যাল প্লাটফর্মে গুজব ছড়ানো হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।” সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও সাংবাদিকরা পূজাকে কেন্দ্র করে বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএমপির উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ আব্দুল হান্নান, উপ-পুলিশ কমিশনার (উত্তর) সুশান্ত সরকার পিপিএম ও উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ শরফুদ্দীন।