আমতলীতে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বৃদ্ধের
September 10 2025, 18:48
আমতলী প্রতিনিধি : বরগুনার আমতলীতে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জয়নাল সিকদার (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার কুকুয়া ইউনিয়নের খাকদান গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জয়নাল সিকদার নিজের বাঁশঝাড় থেকে বাঁশ কাটছিলেন। ওই সময় কাটা বাঁশটি সড়কের পাশের বিদ্যুৎ সরবরাহের লাইনের ওপর পড়ে যায়।
এসময় তিনি বাঁশ নামাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম বলেন, ‘সড়কের পাশে থাকা বিদ্যুৎ লাইনের ওপর কাটা বাঁশ পড়ার পর নামাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা গেছেন।’
আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর কারণ নিশ্চিত করলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।










































