বরিশালে ২৬৫০পিস ইয়াবা, জাল নোট ও গাঁজাসহ আটক-৪
July 14 2025, 21:07
স্টাফ রিপোর্টার ॥ বরিশালে মাদক বিরোধী অভিযানে ২ হাজার ৬৫০পিস ইয়াবা, জাল নোট ও গাঁজাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। রবিবার ও সোমবার বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
বিএমপি সূত্র জানিয়েছে, বিএমপি গোয়েন্দা শাখার এসআই মোঃ মেহেদী হাসানের আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে গত (১৩ জুলাই) রাত আড়াই টায় কোতোয়ালি মডেল থানাধীন রুপাতলী হাউজিং এর জসিম উদ্দিনের ফ্ল্যাটে অভিযান পরিচালনা করেন।
এসময় ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬০ গ্রাম গাঁজা ও ৩০০০ টাকা মূল্য মানের জাল নোট সহ মোঃ ফারুক হাওলাদার (৩০), মোঃ শাকিল খান সেন্টু (৪৫) ও মোসাঃ মারুফা আক্তার (১৮) কে আটক করে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
অন্যদিকে সোমবার (১৪ জুলাই) রাত সাড়ে ৩টায় বিএমপি গোয়েন্দা শাখার এসআই(নিঃ) মোঃ জাহিদ হাসানের আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে কালিজিরা ব্রীজ সংলগ্ন বরিশাল-খুলনা মহাসড়কের ঘোষ বন্ধু গৌরনদী মিষ্টান্ন ভান্ডার নামক দোকানের সামনে অভিযান পরিচালনা করেন।
এ সময় ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি চাবিসহ মোটর সাইকেল ও ২টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক মোঃ বিল্লাল হোসেন (৩৫) আটক করেন। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।










































