মেঘনা নদী থেকে ভাসমান অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

June 16 2025, 20:10

১৩

ভোলা প্রতিনিধি : ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার মেঘনা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর ১ টায় উপজেলার ২নং হাজিরহাট ইউনিয়নের চর ফয়েজউদ্দিন মফিজ মাষ্টার বাড়ীর রাস্তার দক্ষিণ পাশ সংলগ্ন পূর্ব পাশের মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০ টায় হাজিরহাট ইউনিয়নের চর ফয়েজউদ্দিনে স্থানীয়রা লাশটি নদীতে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। এরপর মনপুরা থানা থেকে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। দুপুর ২ টায় মির্জাখালু নৌ-পুলিশের কাছে মরদেহটি হস্তান্তর করে মনপুরা থানা পুলিশ।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, উদ্ধার পাওয়া মৃতদেহের এখনো কোনো পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। তার পরনে ছিল গেঞ্জি ও লুঙ্গি। তাঁর বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ এর মধ্যে হবে ‌। ধারণা করা হচ্ছে কোন জেলের এই মৃতদেহ হতে পারে।

আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ভোলায় মর্গে পাঠানো হবে।এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।