অস্ত্র নিয়ে সুপ্রিম কোর্টে প্রবেশের সময় জিয়া শিকদারসহ আটক ২

August 03 2025, 19:37

১

অনলাইন ডেস্ক : দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের ভেতরে বৈধ অস্ত্রসহ প্রবেশের সময় দুই ব্যক্তিকে আটক করেছে স্পেশাল ব্রাঞ্চের টেকনিক্যাল ফোর্স। রোববার (৩ আগস্ট) তাদের পৃথক পৃথকভাবে আটক করা হয়। তাদের দুজনের নবায়নকৃত অস্ত্রের লাইসেন্স রয়েছে।

আটকদের একজন রাজধানীর সূত্রাপুরের রুপচান লেনের প্রেস ব্যবসায়ী মোল্লা মোসলেহ এলাহী (৫৭)। সকাল ১০টার দিকে আটকের পর ডিএমপির সুপ্রিম কোর্ট ইউনিট মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছে।

আটক অপরজন বিএনপির বরিশাল মহানগরীর সাধারণ সম্পাদক মো. জিয়াউদ্দিন শিকদার (৫৮)। তাকে দুপুর দেড়টার দিকে আটক করা হয়। তবে এখনো ছাড়া পাননি তিনি।

জানা গেছে, মো. জিয়াউদ্দিন শিকদার ছাত্রদলের সমাবেশের উদ্দেশ্যে ঢাকায় এসেছেন। সুপ্রিম কোর্টের একজন বেঞ্চ অফিসারের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে কোর্টে আসেন তিনি। আর মোল্লা মোসলেহ এলাহী এক আত্মীয়ের জামিনের বিষয়ে কোর্টে এসেছিলেন।

পুলিশ জানিয়েছে, আটকের পর তারা স্বীকার করেন যে, তারা জানতেন না সুপ্রিম কোর্ট এলাকায় বৈধ ও অবৈধ অস্ত্র পরিবহনে নিষেধাজ্ঞা রয়েছে। জাগো নিউজ