আগ্নেয়াস্ত্রসহ দুর্ধর্ষ সিরাজ বাহিনীর দুই সদস্য আটক

June 03 2025, 19:50

৮

ভোলা প্রতিনিধি : ভোলার দৌলতখানে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে দুর্ধর্ষ ডাকাত চক্র ‘সিরাজ বাহিনী’র দুই সদস্যকে দেশীয় আগ্নেয়াস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ আটক করা হয়েছে।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত কোস্ট গার্ড দক্ষিণ জোন ও দৌলতখান থানা পুলিশের যৌথ দল দৌলতখান উপজেলার খায়েরহাট বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে দুটি বাড়িতে তল্লাশি চালিয়ে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, রাইফেলের ৪ রাউন্ড তাজা গুলি, ৫ রাউন্ড কার্তুজ, অস্ত্র তৈরির সরঞ্জাম ও আরও ২টি দেশীয় অস্ত্রসহ মো. শহীদ (৪৮) ও মো. শাহাবুদ্দিন (৪৫) নামের দুইজনকে আটক করা হয়। জানা গেছে, তারা দুজনেই ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের পশ্চিম জয়নগর গ্রামের বাসিন্দা।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের দৌলতখান থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে। কোস্ট গার্ড জানায়, আইনশৃঙ্খলা রক্ষায় তাদের ২৪ ঘণ্টার টহল কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।