কালবৈশাখী ঝড়ে শত শত ঘরবাড়ি বিধ্বস্ত
March 17 2026, 23:00
পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীতে কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার সোমবার দিবাগত রাত পৌনে একটার দিকে হঠাৎ উপকূলীয় এলাকায় এ ঝড়টি আঘাত হানে। এতে পুরোপুরি বিধ্বস্ত হয় বেশ কিছু বসতবাড়ি। আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে সহস্রাধিক অধাপাকা বসতঘরের। বেশ কিছু ঘরবাড়ির টিনের চালা উড়ে গেছে। উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। রাত থেকে বেলা এগারোটা পর্যন্ত বিদ্যুৎহীন ছিলো কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা।
জেলার ৮ উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কলাপাড়ায়। এর মধ্যে উপজেলার ধানখালী, টিয়াখালী, ডালবুগঞ্জ, বালিয়াতলী ও লতাচাপলী ইউনিয়নের ক্ষয়ক্ষতির পরিমান অনেক বেশি। তবে ঠিক কি পরিমানে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখনো নিরুপন করতে পারেনি জেলা প্রশাসন। অনেক হতদরিদ্র মানুষ ঘর মেরামত করতে না পেরে চরম বেকায়দায় পড়েছেন। তাই তারা সরকারী সহায়তার দাবি জানিয়েছেন।
কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া এলাকার মরিয়ম বেগম বলেন, আমাদের এলাকার অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। আমার ঘরের টিনের চালা উপরে গেছে। এখনও ঠিক করতে পারিনি। ধানখালী ইউনিয়নের জুলহাস বলেন, আমাদের এলাকার জলিল হাওলাদারের ঘর সহ বেশ কয়েকটি বসত ঘর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। আমার ঘরও আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। আমরা সরকারী সহায়তা পেলে অনেকটা উপকৃত হবো।
কুয়াকাটা সমুদ্র সৈকতের লেম্বুর বন এলাকার বাসিন্দা ফারুক জানান, এখানের ১৪ টি দোকানঘর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। ঈদের আগে এমন ক্ষতি পুষিয়ে নিতে ব্যবসায়ীদের অনেক কষ্ট হবে। সরকারী সহায়তা পেলে তারা অনেক উপকৃত হবে।
কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম বলেন, ক্ষয়ক্ষতি নিরুপনের কাজ চলছে। অফিস খুললে প্রাথমিক পর্যায়ে ক্ষতিগ্রস্থদের ঢেউটিন প্রদান করা হবে। এছাড়া যেসব বসতঘর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে সেসব বসঘরের মালিকদের সহায়তার বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।










































