দায়িত্ব নিলেন পিরোজপুরে নয়া জেলা প্রশাসক আবু সাঈদ

November 20 2025, 20:01

১

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আবু সাঈদ। গত মঙ্গলবার (১৮ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্বভার গ্রহণ করে কাজ শুরু করেন।

আবু সাঈদ ২৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন চৌকস কর্মকর্তা। নতুন দায়িত্ব পাওয়ার আগে তিনি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতার অধিকারী এ কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

তিনি প্রশাসনিক ক্যারিয়ার শুরু করেন সহকারী কমিশনার হিসেবে। পরবর্তী সময়ে ২০১৭-১৮ সালে পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) পদেও তিনি দায়িত্ব পালন করেছেন।

শুদ্ধাচার, কর্মনিষ্ঠা ও অভিজ্ঞতার কারণে প্রশাসনে সুনাম অর্জনকারী আবু সাঈদ মাদারীপুর জেলার কালকিনী উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তার স্ত্রী গৃহিণী এবং তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

অন্যদিকে, সদ্য বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পেয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে রোববার পিরোজপুর ত্যাগ করেন।