বরিশাল শিক্ষা বোর্ড

দুই বছরের ব্যবধানে পাসের হার কমছে ৩৩ ভাগ

July 11 2025, 18:59

৮

ফাহিম ফিরোজ॥ দুই বছরের ব্যবধানে বরিশাল শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার কমেছে ৩৩.৮ শতাংশ। পাশাপাশি কমেছে জিপিএ-৫ এর সংখ্যা। এমনকি ১৬টি স্কুলের একজন শিক্ষার্থীও পাস করেনি। তবে বরাবরের মতো এবারও পাসের হারে এগিয়ে রয়েছে মেয়েরা।

জুলাই-আগস্টকে কেন্দ্র করে লেখাপড়ায় উদাসীনতা এবং পড়াশোনার প্রতি আগ্রহ কমে যাওয়াকে ফলাফল বিপর্যয়ের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন শিক্ষকসমাজ। তবে শিক্ষার প্রকৃত মান ফিরে এসেছে বলে দাবী করে বরিশাল বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকী বলেন, ‘২০২৩ ও ২০২৪ সালে কয়েকটি বিষয়ের উপর পরীক্ষা নেয়া হয়েছিলো। এছাড়া জেএসসি পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে এসএসসির ফলাফল প্রকাশ করা হয়েছিলো। যে কারণে ওই বছর গুলোতে ফলাফল ভালো ছিলো।’

বরিশাল শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার ৫৬ দশমিক ৩৮ শতাংশ। যারমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১১৪ জন শিক্ষার্থী। এসএসসি পরীক্ষায় মোট ৮২ হাজার ৯৩১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৪৬ হাজার ৭৫৮জন শিক্ষার্থী পাস করেছে। অপরদিকে ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় পাসের হার ছিলো ৮৯ দশমিক ১৩ শতাংশ। যারমধ্যে জিপিএ-৫ পেয়েছিলো ৬ হাজার ১৪৫ জন শিক্ষার্থী। এসএসসি পরীক্ষায় ৮৭ হাজার ৭৩৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৭৮ হাজার ১৯৭জন পরীক্ষার্থী পাস করেছে। এছাড়া ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় পাসের হার ছিলো ৯০ দশমিক ১৮ শতাংশ। যারমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৩১১ জন শিক্ষার্থী। এসএসসি পরীক্ষায় ৯০ হাজার ১৯৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৮১ হাজার ৩৩৯ জন পরীক্ষার্থী পাস করেছে।

শিক্ষা বোর্ডের পরিসংখ্যান সূত্রে জানা গেছে, চলতি বছর এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন বিভাগের ছয় জেলার মোট ১ হাজার ৪৯১টি বিদ্যালয় থেকে ১৯৪টি পরীক্ষা কেন্দ্রে ৮২ হাজার ৯৩১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। যারমধ্যে পাস করেছে ৪৬ হাজার ৭৫৮ জন পরীক্ষার্থী। এরমধ্যে ছাত্র ১৮ হাজার ৮২৩ জন এবং ছাত্রী ২৭ হাজার ৯৩৫ জন। বোর্ডে পাসের হারে এগিয়ে রয়েছে পিরোজপুর জেলা। প্রতিবারের মতো এবারও বরিশাল শিক্ষা বোর্ডের ঘোষিত ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা পাস ও জিপিএ-৫ এর হারে এগিয়ে রয়েছে।

বরিশাল শিক্ষা বোর্ড জানায়, এবার নকলমুক্ত পরিবেশে শান্তিপূর্নভাবে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পাশাপাশি ১৬টি টিমের মাধ্যমে জেলা প্রশাসকগণের সরাসরি তদারকি করেন। এছাড়া এ বছর পরীক্ষায় অসদোপায় অবলম্বন করায় ২৮ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়। শিক্ষার প্রকৃত মান ফিরিয়ে আনতে কঠোর অবস্থানে ছিলো শিক্ষা বোর্ড প্রশাসন।