নলছিটিতে কমিউনিটি ক্লিনিকে ৭ কিং কোবরা, আতঙ্ক

October 08 2025, 19:02

১

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের কারুয়াকাঠি কমিউনিটি ক্লিনিকে একসঙ্গে সাতটি বিষাক্ত কিং কোবরা সাপ ধরে মেরে ফেলেছে স্থানীয়রা। হঠাৎ এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায়।

‎বুধবার (৮ অক্টোবর) সকাল ৯টার দিকে প্রতিদিনের মতো দায়িত্ব পালনের জন্য ক্লিনিকে প্রবেশ করেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মারজিয়া খানম। তিনি ক্লিনিকের ফ্লোরে সাপের নড়াচড়া দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয় কয়েকজন ছুটে আসেন।

পরে স্থানীয় মিলনসহ কয়েকজন মিলে ফ্লোরের গর্ত ও বাথরুম থেকে মোট সাতটি সাপ ধরে মেরে ফেলেন। যার সবগুলোই বিষাক্ত কিং কোবরা বলে জানায় স্থানীয়রা।
‎
‎স্থানীয়দের ধারণা, ক্লিনিকের ভবনটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ফাঁকফোকর ও গর্ত তৈরি হয়েছে। সেখানেই সাপের আবাসস্থল গড়ে উঠেছে।

‎কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার মারজিয়া খানম বলেন, এত পুরনো ভবনে কাজ করতে ভয় লাগে। আজ সাতটা সাপ ধরা পড়েছে, কাল আরো বের হতে পারে। ভবনটি দ্রুত সংস্কার না করলে আমাদের দায়িত্ব পালন করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। ‎স্থানীয়রা জানান, ভবনটি সংস্কার করে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে এ ধরনের বিপদ এড়ানো সম্ভব হবে।

নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শিউলী পারভীন বলেন, সাপ উদ্ধার করে মেরে ফেলেছে স্থানীয়রা। এ ঘটনা আমাকে তাৎক্ষণিকভাবে জানিয়েছে। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। সবগুলো ছিল কিং কোবরা, স্থানীয় ভাষায় এগুলোকে কালিজাত বলা হয়।