বরিশাল নগর ভবনে চুরি!
October 15 2025, 18:22
স্টাফ রিপোর্টার : বরিশাল নগর ভবনে চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা চোরেরা ভবনের বাউন্ডারির বৈদ্যুতিক তার ও লাইট খুলে নিয়ে গেছে। বুধবার (১৫ অক্টোবর) রাত আড়াই টার দিকে নগর ভবনের মূল প্রাচীরে এ চুরির ঘটনা ঘটে।
বরিশাল সিটি কর্পোরেশন–এর বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী অহিদ মুরাদ বলেন, “রাতের কোনো এক সময় ভবনের বাউন্ডারির গেটের পাশে স্থাপিত কিছু লাইট ও বৈদ্যুতিক তার অজ্ঞাত চোরেরা খুলে নিয়ে যায়। এতে বড় কোনো আর্থিক ক্ষয়ক্ষতি হয়নি।” জানা গেছে, নগর ভবনের চারপাশে বিদ্যুৎ না থাকার কারণে এই চোরের ঘটনা ঘটেছে।
বিসিসির উপ-কর কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বলেন, “নিরাপত্তারক্ষীরা শব্দ পেয়ে চোরদের ধাওয়া দেয়। কিন্তু চোরেরা দ্রুত পালিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-২ থেকে ৩ জনের একটি দল পরিকল্পিতভাবে এই চুরির ঘটনা ঘটায়।”
তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নগর ভবনের নিরাপত্তা আরও জোরদার করা হবে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোরদের শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি, রাতের বেলা নগর ভবনের আশেপাশে পর্যাপ্ত নিরাপত্তা ও নিয়মিত টহলের ব্যবস্থা না থাকায় এই ধরনের ঘটনা ঘটছে। পুলিশ ও সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকে এলাকায় টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।










































