বলরাম পোদ্দারের জামিনের আবেদন না মঞ্জুর

January 02 2025, 20:35

১

নিউজ বরিশাল ডেস্ক !! জনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক ও আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য বলরাম পোদ্দারকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বৈষম্যবিরোধী আন্দোলনে শাকিব নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান তার ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামির পক্ষে তার আইনজীবী আনোয়ারুল কবীর বাবুল রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষের বিরোধীতা করে উভয়পক্ষের শুনানি শেষে আদালত এ আদেশ।

এর আগে গত ২৬ ডিসেম্বর বলরাম পোদ্দারের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান। গত ২৫ ডিসেম্বর দিবাগত রাতে কাকরাইলের বাসা থেকে বলরাম পোদ্দারকে গ্রেপ্তার করে রমনা থানা পুলিশ। পরদিন জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলা থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই রমনা থানাধীন জাতীয় পার্টির প্রধান কার্যালয়ের পাশে বিপরীত পাশে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। এতে শাকিবসহ কয়েকজন আহত হন। পরে তিনি মামলা দায়ের করেন।