বাউফলে ২৫ পিস ইয়াবাসহ ইউপি সদস্য ও যুবলীগ নেতা গ্রেপ্তার

July 11 2025, 20:42

৮

বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে ইয়াবাসহ হারুন মৃধা (৪৬) নামের এক ইউপি সদস্য ও যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বাউফল উপজেলার নওয়ামালা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও ওয়ার্ড যুবলীগের সভাপতি।

গতকাল রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের সোলাবুনিয়া বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জানা যায়, হারুন মৃধা নওয়ামালার ‘নিজ বটকাজল’ এলাকার বাসিন্দা ও মৃত হাফেজ আলী মৃধার ছেলে। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত। এলাকায় বাউফল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নওয়ামালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হোসেন বিশ্বাসের ‘অপরাধ জগতের খলিফা’ হিসেবে পরিচিত ছিলেন তিনি।

বাউফল থানার(ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, হারুন মৃধার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।