শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে পিরোজপুরে ‘মার্চ ফর ইনসাফ’

January 16 2026, 18:23

১
পিরোজপুর প্রতিনিধি : জুলাইয়ের গণআন্দোলন ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামের অন্যতম নেতা শহীদ শরিফ ওসমান হাদির হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে পিরোজপুরে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার জুমার নামাজ শেষে বাংলাদেশপন্থী জনতার আয়োজনে পিরোজপুরের বড় মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বড় মসজিদের সামনে এসে এক পথসভায় মিলিত হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় “ইনকিলাব জিন্দাবাদ”সহ নানা প্রতিবাদী স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
পথসভায় বক্তারা বলেন, জুলাইয়ের গণআন্দোলন এবং ভারতীয় আধিপত্যবাদবিরোধী সংগ্রামে শহীদ শরিফ ওসমান হাদি ছিলেন সাহসী নেতৃত্ব ও আপসহীন সংগ্রামের এক উজ্জ্বল প্রতীক। তার নির্মম হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিচার না হওয়া রাষ্ট্র ও বিচার ব্যবস্থার জন্য চরম লজ্জাজনক।
অবিলম্বে এই হত্যার বিচার নিশ্চিত না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। পথসভায় বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি অভি খান, জুলাই মঞ্চের মুখ্য প্রতিনিধি তাহমীদ, মুখ্য সংগঠক রাকিব আহমেদ, জনসংযোগ প্রতিনিধি খালিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া ইসলামী আন্দোলনের সদস্য আবু বকরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বক্তারা আরও বলেন, শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।