সাকুরা বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

January 02 2025, 18:45

৮

স্টাফ রিপোর্টার !! বরিশালে প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছে সাকুরা পরিবহনের বাস। এবার বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর ভুরঘাটা এলাকায় সাকুরা বাসের চাপায় মোটরসাইকেলের চালক নিহত এবং এক আরোহী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিফাত হোসেন (৩৮) হিজলা উপজেলার গোবিন্দপুর গ্রামের বাবুল চৌধুরীর ছেলে। আহত আরোহী হলেন আমানউল্লাহ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, ‘ঢাকা থেকে বরিশালগামী বেপরোয়া গতির সাকুরা পরিবহনের বাসটি ভুরঘাটা এলাকায় একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক নিহত হন।

আহত অবস্থায় আরোহী আমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য হাসপাতালে পাঠানো হয়। নিহত ও আহত আরোহী হিজলা থেকে ঢাকায় যাচ্ছিলেন। লাশ উদ্ধার করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’