স্বামী-সতীন কন্যাদের বিরুদ্ধে থানায় চতুর্থ স্ত্রীর অভিযোগ

September 23 2025, 23:28

৮

স্টাফ রিপোর্টার॥ বরিশাল নগরীর দক্ষিণ সাগরদিতে স্বামীসহ দুই সতীন কন্যার বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ দিয়েছেন এক নারী। বরিশাল কোতোয়ালি মডেল থানায় ভুক্তভোগী চতুর্থ স্ত্রী নাজমা বেগমের দেয়া অভিযোগে জানা যায়,

বরিশাল নগরীর দক্ষিণ সাগরদি এলাকার বাসিন্দা আইয়ুব আলী পূর্বের বিবাহের তথ্য গোপন রেখে গত বছর নাজমা বেগমকে বিবাহ করেন। পরবর্তীতে আইয়ুব আলীর পূর্বের স্ত্রী ও তাদের সন্তানরা বিয়ের বিষয়টি জানতে পারলে নাজমার উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে।

তাকে তালাক দিতে বাধ্য করতেই দীর্ঘদিন এভাবে চাপ সৃষ্টি করা হচ্ছিল। এছাড়া নাজমা বেগমের কাছে মোটা অংকের অর্থ দাবি করে আইয়ুব আলী। টাকা না দিলে নাজমাকে তালাক দেবে বলেও হুমকি দেয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ৯ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে নগরীর দক্ষিণ সাগরদী এলাকায় নাজমা বেগমকে একা পেয়ে স্বামী আইয়ুব আলী তার দুই কন্যা মুক্তি ও মুক্তাকে নিয়ে এলোপাথাড়ি মারধর করে। এতে নাজমা গুরুতর আহত হন। পরে তিনি স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেন এবং একই দিন থানায় অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী নাজমা বেগমের বাড়ি বাকেরগঞ্জ উপজেলার দুধল গ্রামে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।