ইন্দুরকানীতে নড়বড়ে কাঠের সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল

January 09 2026, 19:06

১২

ইন্দুরকানী প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া এবং পশ্চিম চরবলেশ্বর গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া খালের ওপর নির্মিত কাঠের সেতুটিই দুই গ্রামের বাসিন্দাদের চলাচলের একমাত্র ভরসা। তবে নড়বড়ে এই সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা তাদের।

গত পাঁচ ছয় মাস আগে কচা নদী থেকে খালের মধ্যে জোয়ারের সঙ্গে অতিরিক্ত কচুরিপানা ঢোকার কারণে স্রোতের চাপে সেতুটি হেলে পড়ে। স্থানীয়রা কোনোমতে দড়ি দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে রেখেছে সেতুটির ওপরের অংশ। বর্তমানে নড়বড়ে অবস্থায় আছে সেতুটি। যেকোনো সময় খালের মধ্যে ধসে পড়তে পারে সেতুটি। দ্রুত এই সেতুটি মেরামতের দাবি জানিয়ে স্থানীয় মাদরাসা কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বালিপাড়া ইউনিয়ন পরিষদে আবেদন করেছেন।

সেতুটি দ্রুত মেরামতের জন্যও ইউএনও তাদেরকে আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে। তবে এক মাস আগে সেতুটি মেরামতের কাজ শুরুর কথা থাকলেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান মাদরাসার ছাত্রছাত্রীরা।
শিক্ষার্থী রিয়াদ জানান, সেতুটি ভেঙে চলাচলের পথ বন্ধ হয়ে গেলে চরবলেশ্বরসহ আশপাশ গ্রামের প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থীর তিন কিলোমিটার পথ ঘুরে মাদরাসায় যেতে হবে।

এ ব্যাপারে স্থানীয় মাদরাসা শিক্ষক মো. ফোরকান হোসেন জানান, সেতুটি দ্রুত মেরামতের জন্য আমরা মাদরাসার পক্ষ থেকে ইউএনও ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবহিত করেছি।

বালিপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল জানান, সেতুটি ভালোভাবে মেরামতের জন্য এডিপি থেকে দুই লাখ চল্লিশ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। আশা করছি আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে মেরামতের কাজ শুরু হবে।