মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ-২
জানুয়ারি ২০ ২০২৬, ১৮:২১
মোঃ হাবিবুল্লাহ বেপারী, হিজলা : মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ চার জেলের মধ্যে দুই জেলের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। তবে এখনো বাকি দুই জেলের সন্ধান মেলেনি।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে উদ্ধার হওয়া জেলেরা হলেন— বরিশালের হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের বাথুয়া গ্রামের বাসিন্দা শাহীন মীর (২০) ও আরিফ সিকদার (১৯)।
এর আগে গত ১১ জানুয়ারি বরিশালের মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলার মধ্যবর্তী বাথুয়াচর সংলগ্ন এলাকায় একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। ট্রলারটিতে পাঁচজন জেলে ছিলেন। দুর্ঘটনার সময় শামীম হোসেন নামে একজন জেলে সাঁতরে প্রাণে বেঁচে ফিরলেও অপর চারজন নিখোঁজ হন।
মঙ্গলবার ভোর আনুমানিক ৫টার দিকে মেঘনা নদীতে দুটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা নৌ পুলিশকে খবর দেন। পরে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মণ্ডল জানান, নিখোঁজ চার জেলের মধ্যে দুইজনের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে থাকতে পারে। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধারকৃত মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।









































