হিজলায় পরকীয়ার জেরে যুবককে গলাকেটে হত্যা, স্ত্রী আটক
জানুয়ারি ২১ ২০২৬, ১৯:১১
মোঃ হাবিবুল্লাহ বেপারী, হিজলা : বরিশালের হিজলা উপজেলায় পরকীয়ার জেরে মো. আমির হোসেন (৩৫) নামে এক যুবককে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী খোদেজা বেগমকে আটক করেছে হিজলা নৌপুলিশ। বুধবার (২১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা নৌপুলিশের পরিদর্শক গৌতম চন্দ্র মন্ডল।
এর আগে গত ১৮ জানুয়ারি রাতে মেঘনা নদীর পাড়ে আমির হোসেনকে গলাকেটে হত্যা করা হয়। তিনি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নের স্বপন হাওলাদারের ছেলে। নিহতের মরদেহ বর্তমানে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা রয়েছে।
হিজলা নৌপুলিশের পরিদর্শক গৌতম চন্দ্র মন্ডল বলেন, “যুবকের লাশ উদ্ধারের ঘটনায় তার স্ত্রীকে হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে, বিস্তারিত পরে জানানো হবে।”
জানা গেছে, প্রায় ১১ বছর আগে আমির হোসেনের সঙ্গে একই গ্রামের বিল্লাল আকনের মেয়ে খোদেজা বেগমের বিয়ে হয়। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে।নিহতের ভাই শরীফ হাওলাদার জানান, আমির হোসেন মুন্সীগঞ্জের গণকবাজার এলাকায় একটি খাবারের হোটেলে কাজ করতেন। সেখানে খোকন নামে এক ব্যক্তির সঙ্গে তার বন্ধুত্ব হয়।
বাড়িতে যাতায়াতের সুবাদে খোকনের সঙ্গে আমিরের স্ত্রীর দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি নিয়ে একাধিকবার পারিবারিক কলহ সৃষ্টি হয়। এ নিয়ে আমির হোসেন একাধিকবার বাবাকে ফোন করে বিষয়টি জানিয়েছিলেন বলেও দাবি করেন তিনি।
নিহতের পরিবারের সদস্যরা এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, “একজন ভালো মানুষ বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন। আমরা সরকারের কাছে ন্যায়বিচার চাই।”









































