বরিশাল জেলা পরিষদের প্রশাসক হলেন আকন কুদ্দুসুর রহমান
ত্যাগী নেতার মূল্যায়নে উচ্ছ্বসিত নেতাকর্মীরা
মার্চ ১৫ ২০২৬, ২২:২৭
স্টাফ রিপোর্টার : বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। রোববার (১৫ মার্চ) সরকার তাকে এ পদে নিয়োগ দেয়। তার নিয়োগের খবর ছড়িয়ে পড়তেই বরিশাল মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।
দলীয় নেতাকর্মীরা মনে করছেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও সংগঠনের প্রতি নিবেদিত থাকার স্বীকৃতি হিসেবেই এই দায়িত্ব পেয়েছেন আকন কুদ্দুসুর রহমান। তাদের মতে, তার নেতৃত্বে বরিশাল জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি আসবে।
আকন কুদ্দুসুর রহমান ছাত্রজীবন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে সম্পৃক্ত ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজপথের রাজনীতি এবং সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। রাজনীতির নানা চড়াই-উতরাই, মামলা-হামলা ও রাজনৈতিক চাপের মধ্যেও তিনি কখনো রাজনীতির মাঠ ছাড়েননি।
দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ সময় ধরে তিনি একাধিক মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। ২০১৩ সালের ২৭ নভেম্বর অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। সে সময় তার গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মুক্তির দাবি করেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নেতাকর্মীরা বলেন, দলের দুঃসময়ে বরিশাল বিভাগে সাংগঠনিক কার্যক্রম সচল রাখা এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের একত্রিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আকন কুদ্দুসুর রহমান। ফলে তার নিয়োগকে তারা দলের ত্যাগী নেতাদের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে দেখছেন।
বরিশাল মহানগর বিএনপির এক নেতা বলেন, ‘আকন কুদ্দুসুর রহমান সব সময় দলের জন্য নিবেদিত ছিলেন। দুঃসময়ে তিনি নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন। তার মতো একজন সৎ ও অভিজ্ঞ নেতাকে প্রশাসকের দায়িত্ব দেওয়ায় আমরা আনন্দিত।’
জেলা বিএনপির আরেক নেতা বলেন, ‘দলের সংকটময় সময়েও তিনি বরিশালে সংগঠনকে শক্তভাবে ধরে রেখেছেন। তার নেতৃত্বে জেলা পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা আসবে বলে আমরা বিশ্বাস করি।”
অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও তার নিয়োগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার কারণে তিনি প্রশাসনিক দায়িত্বও দক্ষতার সঙ্গে পালন করতে পারবেন।
নেতাকর্মীদের ভাষ্য, ব্যক্তিগত জীবনে সততা, স্বচ্ছতা এবং রাজনৈতিক জীবনে স্পষ্ট অবস্থানের কারণে আকন কুদ্দুসুর রহমান বরিশালের সাধারণ মানুষের মধ্যেও আস্থার জায়গা তৈরি করেছেন। তার নিয়োগের মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশা করছেন।










































