হিজলায় ২০৩ জেলের কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা
May 02 2026, 18:49
হিজলা প্রতিনিধি : মার্চ-এপ্রিল দুই মাস জাটকা রক্ষায় বরিশালের হিজলায় মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ২০৩ জেলেকে মৎস্য আইনে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। একই আইনে জেলেদের কাছ থেকে জরিমানা আদায় করা হয় ৫ লাখ ৫ হাজার ৫শ’ টাকা।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে এসব তথ্য নিশ্চিত করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম। গণমাধ্যমে পাঠানো প্রতিবেদন থেকে জানাগেছে, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত বরিশাল জেলার হিজলা উপজেলার সীমানা( ষাটনল- হাইমচর- চরভৈরবী) পর্যন্ত মেঘনা নদীর ৮২ কিলোমিটার অভয়াশ্রম। এই এলাকায় ২০৪টি অভিযান পরিচালনা করে বরিশাল জেলা ও হিজলা উপজেলা টাস্কফোর্স।
আটক জেলেদের বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করার জন্য ৪৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার ও সহকারী কমিশনার ভূমি অভ্র জ্যোতি বড়াল এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দুই মাসের অভিযানে জব্দ করা হয় ০২ মেট্টিক টন জাটকা ও ০.৫২ মেট্টিক টন অন্যান্য প্রজাতির মাছ। ইলিশ মাছ ধরার জাল ০.৫৬ লাখ মিটার, কারেন্টজাল ৩.২৫ লাখ মিটার এবং অন্যান্য জাল ০.০৩ লাখ মিটার।
হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, হিজলায় উপজেলা ও জেলা টাস্কফোর্সের অভিযানে জেলে আটকের ঘটনায় মামলা হয়েছে ২০৩টি। ০৪ জনকে নিয়মিত মামলায় জেলে পাঠানো হয়েছে। এ অভিযানে নৌকা জব্দ করা হয়নি। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং মাছ স্থানীয় এতিমখানা, মাদ্রাসা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
তিনি আরও বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা রক্ষায় জেলা ও উপজেলা টাস্কফোর্স দিন ও রাতে অভিযান পরিচালনা করেছে। এর ফলে জাতীয়ভাবে ইলিশের উৎপাদনের লক্ষ্যমাত্রায় সহায়ক হবে। আর এর সুফল পাবে জাটকা ধরা থেকে বিরত থাকা মেঘনার জেলেরা।










































