হঠাৎ বরিশাল নৌবন্দরে পরিদর্শনে নৌ প্রতিমন্ত্রী
মে ১৯ ২০২৬, ১৯:৩১
স্টাফ রিপোর্টার : আকস্মিকভাবে বরিশাল নৌ বন্দর পরিদর্শন করেছেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টার দিকে তিনি বরিশাল নৌ বন্দরে পৌঁছান। এ সময় তিনি বন্দরের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং দাপ্তরিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
নৌ বন্দর সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী প্রথমে ড্রেজিং বিভাগ, নৌ নিরাপত্তা বিভাগ ও ট্রাফিক বিভাগসহ মোট তিনটি বিভাগ পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি বিভিন্ন দপ্তরের হাজিরা খাতা যাচাই করেন। এ সময় কয়েকটি দপ্তরে অনেক কর্মকর্তা-কর্মচারী অনুপস্থিত ছিলেন বলেও জানা গেছে।
পরিদর্শন শেষে বরিশাল ডিসি ঘাট এলাকা থেকে স্পিডবোটে করে হিজলা উপজেলার উদ্দেশ্যে রওনা হন নৌ প্রতিমন্ত্রী। তবে পুরো পরিদর্শন কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তিনি।










































