বরিশালে কোরবানির মাঠে ১১শ’ কেজির ‘রিকিশি’
আদর-যত্নে বড় হওয়া ‘রিকিশি’ এখন কোরবানির মাঠের তারকা
মে ২১ ২০২৬, ১৯:৪৩
স্টাফ রিপোর্টার : ৯০ দশকের জনপ্রিয় ডাব্লিউডাব্লিউই রেসলার ‘রিকিশি’র নাম এবার জায়গা করে নিয়েছে বরিশালের কোরবানির পশুর হাটে। প্রায় ১১শ’ কেজি ওজনের বিশাল আকৃতির একটি ফ্রিজিয়ান জাতের গরুর নাম রাখা হয়েছে ‘রিকিশি’। আর এই গরুকে ঘিরেই এখন বরিশালজুড়ে চলছে ব্যাপক আলোচনা ও দর্শনার্থীদের ভিড়।
খামার সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ মাস আগে গরুটি বরিশালের এমইপি এগ্রো খামারে আনা হয়। এরপর থেকেই বিশেষ যত্নে লালন-পালন করা হচ্ছে তাকে। প্রতিদিন দুইবার গোসল করানো হয়। খাবার হিসেবে দেওয়া হয় ভূষি, ঘাসসহ পুষ্টিকর খাদ্য। খামারের অন্য গরুগুলোর তুলনায় ‘রিকিশি’কে রাখা হয় আলাদা যত্নে।
রিকিশির দেখভালের দায়িত্বে থাকা রাখাল শাহাদাত বলেন, “রিকিশির সঙ্গে আমার অনেক মায়া তৈরি হয়েছে। নিজের সন্তানের মতো করে ওকে বড় করেছি। পাশে দিয়ে গেলেও আদর না করলে রাগ করে। ও বিক্রি হয়ে গেলে নিজেকে কীভাবে সামলাবো জানি না।” বিশাল আকৃতির এই গরুটিকে দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা খামারে ভিড় করছেন।
এমইপি এগ্রোর ইনচার্জ রাফিউর রহমান অমি জানান, প্রতিদিন রিকিশির খাবারের পেছনে প্রায় ৯শ’ থেকে ১ হাজার টাকা খরচ হয়। পাশাপাশি চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হচ্ছে গরুটিকে। কোরবানির ঈদকে সামনে রেখে গরুটির দাম হাঁকা হয়েছে প্রায় ৯ লাখ টাকা।
তিনি আরও বলেন, “গরুটিকে প্রথম দেখেই ৯০ দশকের ডাব্লিউডাব্লিউই তারকা রিকিশির কথা মনে হয়েছিল। তাই শখ করে নাম রাখা হয়েছে ‘রিকিশি’। আশা করছি ভালো দামেই বিক্রি করতে পারবো।”
এদিকে বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের তথ্যমতে, চলতি বছর বরিশাল বিভাগে ৩৯ হাজার ১৫ জন খামারির কাছে কোরবানিযোগ্য পশুর সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ৪৪৫টি। বিপরীতে চাহিদা রয়েছে ৪ লাখ ৭৮৩টি পশুর। ফলে এ বছর বিভাগে প্রায় ৬৭ হাজার ৬৬২টি পশু উদ্বৃত্ত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।









































