পাওনাদারদের নাম লিখে ইউপি সদস্যের আত্মহত্যা

মে ২১ ২০২৬, ২২:১০

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে আবুল কালাম খান নামে এক সাবেক ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় একজন দলিল লেখক ছিলেন।

বৃহস্পতিবার (২১ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে নিজ বাড়ির আঙিনা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে নিহতের নিজের হাতে লেখা একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। ওই চিরকুটে দক্ষিণ মুরাদিয়ার পিলার ব্যবসায়ী উত্তম বাবুসহ মোট ৬ জন পাওনাদারের নাম উল্লেখ রয়েছে। দেনার দায় ও মানসিক চাপের কথা উল্লেখ করে ওই ব্যক্তিরাই তার মৃত্যুর জন্য দায়ী বলে চিরকুটে লিখে গেছেন মাওলানা আবুল কালাম।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বাড়ির আঙিনার একটি গাছে আবুল কালামের মরদেহ ঝুলতে দেখে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন।

স্থানীয়রা জানান, শ্রীরামপুর ইউনিয়নের সাবেক এই জনপ্রতিনিধি দীর্ঘদিন ধরে তীব্র আর্থিক সংকট ও পাওনাদারদের দেনার চাপ নিয়ে চরম মানসিক বিপর্যস্ততায় ভুগছিলেন।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া চিরকুটটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।