ভোলায় ফুটবল খেলতে গিয়ে বজ্রাঘাতে কিশোরের মৃত্যু

মে ২২ ২০২৬, ২১:৫৯

ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় ফুটবল খেলতে গিয়ে বজ্রাঘাতে মো. ইয়ামিন (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) বিকাল ৪টার দিকে উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সৈয়দাবাদ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ইয়ামিন ওই এলাকার নিজাম উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে ইয়ামিন তার বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের একটি মাঠে ফুটবল খেলতে যায়। খেলার একপর্যায়ে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ঝড়বৃষ্টি শুরু হয়।

বৃষ্টির মধ্যেই খেলা চলাকালে ইয়ামিনের ৪ থেকে ৫ ফুট দূরে বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।