বরিশালে জমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদ করায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম!
মে ২২ ২০২৬, ২২:০৩
স্টাফ রিপোর্টার : বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন বাসুমিয়ার গলি এলাকায় জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে কিবরিয়া খান কেবু (৪০) নামে এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। আহত ওই ব্যবসায়ীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করা হয়েছে।
আহত কিবরিয়া খান কেবু স্থানীয় বাসুমিয়ার গলির শহীদুল্লাহ খানের ছেলে। তিনি আবুল খায়ের কোম্পানির পরিবেশক (ডিসট্রিবিউটর) এবং মৎস্য ব্যবসায়ী হিসেবে কর্মরত আছেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভুক্তভোগী ও তার স্বজনরা জানান, একটি জমি নিয়ে বেশ কয়েক বছর ধরে আদালতে মামলা ও বিরোধ চলে আসছিল। ঘটনার দিন ওই বিতর্কিত জমিতে একদল লোক জোরপূর্বক বালু ভরাট করতে আসে।
ভুক্তভোগীর দাবি, বালু ভরাট করতে আসা ব্যক্তিরা জমির প্রকৃত মালিক পক্ষ ছিল না, বরং তারা একটি চিহ্নিত চাঁদাবাজ ও দখলদার চক্রের সদস্য। জমিতে আদালতের মামলা থাকার বিষয়টি উল্লেখ করে বালু ভরাট করতে নিষেধ করায়, পূর্ব থেকে প্রস্তুতি নিয়ে থাকা হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে ওঠে।
কিছু বুঝে ওঠার আগেই তারা প্যান্টের ভেতর লুকিয়ে রাখা ধারালো দা ও কুড়াল বের করে আচমকা ব্যবসায়ী কিবরিয়ার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত ও গুরুতর জখম করে মাটিতে ফেলে রেখে যায়। পরে স্থানীয় বাসিন্দা ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত শেবাচিম হাসপাতালে নিয়ে যান।
আহত ব্যক্তি ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, হামলায় সরাসরি অংশ নেয় একই এলাকার ইমন ও ইশান শান্ত, সীমান্ত, শাকিল তপু, শান এবং স্থানীয় কাঠপট্টি এলাকার টেইলার্স ব্যবসায়ী বাবুলের ছেলেও এই হামলায় সরাসরি জড়িত ছিল। ভুক্তভোগী ও স্থানীয়দের দাবি, হামলাকারীরা সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত এবং ঘটনার সময় তাদের সাথে আরও ২০-২৫ জন অজ্ঞাতপরিচয় সহযোগী অংশ নেয়।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সনজিৎ চন্দ্র নাথ জানান, হামলার ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন। তবে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।









































