নেছারাবাদে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মে ২৩ ২০২৬, ১৯:১৮
নেছারাবাদ প্রতিনিধি : পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ৬ নম্বর দৈহারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে সার্থক সুতার (২) নামে এক শিশুর ডোবায় পড়ে পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ওই এলাকার সৌরভ সুতারের ছেলে।
শনিবার (২৩ মে) সকাল আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যরা ঘরে বসে গল্প করছিলেন। এ সময় সবার অগোচরে শিশুটি ঘর থেকে বের হয়ে যায়।
কিছুক্ষণ পর তাকে ঘরে না পেয়ে পরিবারের সদস্যরা প্রায় দুই ঘন্টা গ্রামের চারিদিকে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি ডোবায় তাকে পড়ে থাকতে দেখা যায়।
প্রায় দুই ঘণ্টা খোঁজাখুঁজির পর ডোবা থেকে উদ্ধার করে দ্রুত নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. তাওহীদ হোসেন জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।








































