নেছারাবাদে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু
জুন ০৫ ২০২৬, ১৯:২৩
নেছারাবাদ প্রতিনিধি : পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ শহিদুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ জুন ) সকাল ৭টা ৩০ মিনিটে উপজেলার স্বরূপকাঠি পৌরসভার ৬ নং ওয়ার্ডের হাওলাদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম জগন্নাথকাঠি গ্রামের হাওলাদার বাড়ির বাসিন্দা মৃত আব্দুল গনি মিয়ার মেজো ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক।
স্থানীয় সূত্রে জানা যায়, সারারাত অটোরিকশা চার্জে রাখার পর সকালে চার্জার খুলতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাটি টের পেয়ে স্থানীয়রা দ্রুত তাকে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।








































