পিরোজপুরে ২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
জুন ১৪ ২০২৬, ১৮:৩২
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার ৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৪ জুন) ভোররাতে উপজেলার বহেরাতলা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার গুলিসাখালী গ্রামের এস্কেন্দার হাওলাদারের ছেলে শিপন হাওলাদার (৪৭) এবং একই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মো. মঞ্জু মিয়া (৫০)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-পাথরঘাটা মহাসড়কের বহেরাতলা এলাকায় জয়নাল আবেদিন রেস্ট হাউজের সামনে অবস্থান নেয় মঠবাড়িয়া থানা পুলিশের একটি দল।
পরে ঢাকা থেকে ছেড়ে আসা মঠবাড়িয়াগামী ‘বি অনলাইন পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহভাজন দুই যাত্রীকে আটক করে তাদের দেহ তল্লাশি করলে একটি পোটলার ভেতর থেকে ২ হাজার ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি পেশায় ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক হলেও দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, উদ্ধার হওয়া ইয়াবার ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।










































