স্টাফ রিপোর্টার : দেশের ৬৫ হাজার ৩০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করে জাতীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ২১নং দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
শনিবার (২০ জুন) ঢাকার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয় বরিশালের ক্ষুদে ফুটবলাররা।
এই অর্জন শুধু একটি বিদ্যালয়ের নয়, বরং দাড়িয়াল, বাকেরগঞ্জ ও সমগ্র বরিশালবাসীর জন্য গৌরবের। প্রত্যন্ত গ্রামের একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে প্রমাণ করেছে যে স্বপ্ন, কঠোর পরিশ্রম, সঠিক দিকনির্দেশনা ও সুযোগের সমন্বয় ঘটলে গ্রাম থেকেও জাতীয় পর্যায়ের সেরা খেলোয়াড় তৈরি করা সম্ভব।
ফাইনাল খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে একই দিনে বালিকা বিভাগের ফাইনালে ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পাবনার সাঁথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয়।
দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই ঐতিহাসিক সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। ক্ষুদে চ্যাম্পিয়নদের অভিনন্দন জানিয়ে স্থানীয়রা বলছেন, এ অর্জন আগামী প্রজন্মকে খেলাধুলায় আরও উৎসাহিত করবে এবং বরিশালের ক্রীড়াঙ্গনের জন্য নতুন অনুপ্রেরণা হয়ে থাকবে।