কাজিরহাটে মসজিদে নামাজরত অবস্থায় ভাইকে কুপিয়ে হত্যা

জুন ২১ ২০২৬, ২২:১৬

মোঃ হাবিবুল্লাহ বেপারী : বরিশালের কাজিরহাট থানার আন্দারমানিক ইউনিয়নে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে মসজিদের ভেতরে নামাজরত অবস্থায় নজরুল ইসলাম সরদার নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বড় ভাই হারুন সরদারের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নজরুল ইসলাম সরদার ও তার বড় ভাই হারুন সরদারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। এর আগেও নজরুল ইসলামকে কয়েক দফা হামলা করে গুরুতর আহত করা হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।

আজ রবিবার দুপুরে স্থানীয় একটি মসজিদে যোহরের নামাজ আদায়কালে নজরুল ইসলাম নামাজরত অবস্থায় হামলার শিকার হন। অভিযোগ রয়েছে, এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। পবিত্র মসজিদের ভেতরে নামাজরত অবস্থায় এমন নৃশংস হত্যাকাণ্ডে স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। নিহত নজরুল ইসলামের মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।