বরিশালে ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
জুন ২৫ ২০২৬, ২০:৩১
স্টাফ রিপোর্টার : বরিশাল নগরীর পুলিশ লাইন রোড এলাকায় সিটি কর্পোরেশনের ড্রেন ও রাস্তা নির্মাণ কাজ করার সময় একটি পুরোনো দেয়াল ধসে জুবায়ের (২৮) নামের এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত জুবায়ের ভোলার চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নের আসলামপুর গ্রামের সালাউদ্দিন মিয়ার ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পুলিশ লাইন রোডস্থ ‘হট প্লেট’ রেস্তোরাঁর পাশের গলিতে সিটি কর্পোরেশনের ড্রেনেজ ও রাস্তার উন্নয়ন কাজ চলছিল। ঘটনার সময় শ্রমিকরা ড্রেনের বেইজ (ভিত্তি) ঢালাইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আকস্মিকভাবে পাশের একটি পুরনো দেয়াল ধসে শ্রমিক জুবায়েরের মাথার ওপর পড়ে। গুরুতর আহত অবস্থায় অন্য শ্রমিক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনা কবলিত এলাকার স্থানীয় বাসিন্দা সুমা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, “এখানে যেভাবে কাজ চলছিল, তা এমনিতেই খুব ঝুঁকিপূর্ণ। এর আগেও যখন একবার দেয়াল ধসে পড়েছিল, তখনই তাদের বোঝা উচিত ছিল এবং পর্যাপ্ত সেফটি (নিরাপত্তা) ব্যবহার করা দরকার ছিল। একজন শ্রমিকের তাজা প্রাণ এভাবে চলে গেল, এই দায় এখন কার?”
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন নিহতের ফুফু রাজিয়া বেগম। তিনি বলেন, “ভাতিজার মৃত্যুর খবর শুনে এসেছি। এসে জানলাম কাজ করার সময় দুর্ঘটনাজনিত কারণে তার মৃত্যু হয়েছে।” এই মৃত্যুর জন্য তারা তাৎক্ষণিকভাবে কাউকে দায়ী করছেন না বলে জানান।
পরিবারের অন্য সদস্যরা কান্নায় ভেঙে পড়ে বলেন, যেখানে আমাদের স্বজনকে আর ফিরে পাবো না, সেখানে আর আইনি জটিলতায় হেঁটে লাভ কী! আমরা জুবায়েরের মরদেহ কাটতে (ময়নাতদন্ত) দেব না। বিনা ময়নাতদন্তে মরদেহ বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করছি।
সংশ্লিষ্ট কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘রহমান বিল্ডার্স’-এর প্রতিনিধি নাজমুল হক বাপ্পি ঘটনার বিবরণ দিয়ে বলেন, আমাদের এখানে মোট ২০০ মিটার ড্রেন ও রাস্তার কাজ চলমান রয়েছে, যার মধ্যে ১৫০ মিটার কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। ড্রেনের বেইজের কাজ করার সময় হঠাৎ পাশের দেয়ালটি ধসে ওই শ্রমিকের ওপর পড়ে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো গাফিলতি ছিল কি না—এমন প্রশ্নের জবাবে বাপ্পি দাবি করেন, “আমাদের কাজের কোনো ত্রুটি ছিল না। আমাদের কাজ কেবল ড্রেন এবং রাস্তা কেন্দ্রিক, দেয়াল ভাঙা বা এর সংস্কারের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। দেয়ালটিতে আগে থেকেই কোনো ত্রুটি বা দুর্বলতা থাকতে পারে, যার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।”
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন জানান, দেয়াল ধসে এক শ্রমিকের মৃত্যুর খবর পেয়েছি। মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দিলে তদন্তপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।










































