বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে যুবককে কুপিয়ে জখম

জুন ২৮ ২০২৬, ১২:১৩

স্টাফ রিপোর্টার : বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা এলাকার পাংশায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মো. রুবেল হাওলাদার নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তিনি বরিশাল বিমানবন্দর থানাধীন পাংশা এলাকার মো. মোসলেম হাওলাদারের ছেলে।

আহতের স্বজনদের অভিযোগ, শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় একটি দোকানে চা পান করার সময় পূর্বপরিকল্পিতভাবে প্রতিপক্ষের লোকজন পেছন থেকে রুবেলের ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে।

এ ঘটনায় অভিযুক্তরা হলেন— মো. আলামগীর মীরার ছেলে মো. সুজন মীরা, আদম আলী মীরার ছেলে আলমগীর মীরা, কবির হাওলাদার ওরফে মামুজান কবির এবং মোশারফ খা।
হামলার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রুবেল হাওলাদারকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, আহত ব্যক্তি থানায় এসেছিলেন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসা শেষে অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।