পটুয়াখালীতে মাদ্রাসাছাত্র ফয়সাল নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি
জুলাই ০৬ ২০২৬, ১২:৫৯
স্টাফ রিপোর্টার : পটুয়াখালীর বি-টাইপ দারুল ইসলাম মাদরাসার নাজেরা বিভাগের ছাত্র মোহাম্মদ ফয়সাল (১৪) গত ২ জুলাই থেকে নিখোঁজ রয়েছে। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাওয়ায় পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
পরিবার সূত্রে জানা যায়, গত ২ জুলাই সকাল ১১টার দিকে ফয়সাল পটুয়াখালী শহরের ওই মাদ্রাসা থেকে বের হয়। পরে সিসিটিভি ফুটেজে তাকে পটুয়াখালী পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় যেতে দেখা যায়। এরপর থেকেই তার আর কোনো খোঁজ মেলেনি।
নিখোঁজ হওয়ার সময় ফয়সালের পরনে ছিল হলুদ রঙের গেঞ্জি ও পায়জামা। তার উচ্চতা প্রায় ৪ ফুট ৫ ইঞ্চি, গায়ের রং শ্যামলা এবং মাথায় ছোট ছোট চুল রয়েছে।
ফয়সাল পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নওমালা গ্রামের মোহাম্মদ আনোয়ার হোসেন ঢ়ারীর ছেলে। এ ঘটনায় ৩ জুলাই পটুয়াখালী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৪৯) করেছেন ফয়সালের বড় ভাই মোহাম্মদ সাগর।
ফয়সালের চাচা মোহাম্মদ ফিরোজ বলেন, “ভাতিজাকে না পেয়ে তার বাবা-মা মানসিকভাবে ভেঙে পড়েছেন। তারা ঠিকমতো খাওয়া-দাওয়া করতে পারছেন না। পরিবারের সবাই পাগলের মতো বিভিন্ন স্থানে খোঁজ করছেন। আমরা সবার কাছে অনুরোধ করছি, কেউ যদি ফয়সালের সন্ধান পেয়ে থাকেন, তাহলে দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন।”
ফয়সালের সন্ধান পেলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে—মোহাম্মদ সাগর (বড় ভাই): ০১৮৪৬৯২০৩৩৭। মোহাম্মদ ফিরোজ (চাচা): ০১৩০৫৭৯৭৯৪২।










































