অফিসেই পরে আছে ৮০০ পাসপোর্ট

বরিশালে পাসপোর্ট নিতে আগ্রহ নেই গ্রাহকদের, বিপাকে কর্তৃপক্ষ

জুলাই ২৬ ২০২৬, ২২:৪০

স্টাফ রিপোর্টার : পাসপোর্টের জন্য আবেদন, বায়োমেট্রিক সম্পন্ন, সব প্রক্রিয়া শেষ। এরপরও মাসের পর মাস অফিসেই পড়ে আছে শত শত পাসপোর্ট। এমন চিত্র এখন বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসে। তিন মাসেরও বেশি সময় ধরে প্রস্তুত অবস্থায় পড়ে রয়েছে ৮০০টির বেশি পাসপোর্ট। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও গ্রাহকরা সেগুলো সংগ্রহ করতে না আসায় সংরক্ষণ ও বিতরণে বাড়ছে জটিলতা।

পাসপোর্ট অফিস সূত্র জানায়, প্রতিদিন নতুন আবেদন জমা পড়ার পাশাপাশি প্রস্তুত হওয়া পাসপোর্টের সংখ্যাও বাড়ছে। কিন্তু পুরোনো পাসপোর্ট সংগ্রহ না করায় অফিসে স্থানসংকট ও ব্যবস্থাপনায় চাপ তৈরি হচ্ছে। এ অবস্থায় বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়েছে।

বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসের উপ-পরিচালক রোজী খন্দকার জানান, তিন মাসেরও বেশি সময় ধরে ৮০০টির বেশি পাসপোর্ট অফিসে পড়ে রয়েছে। গ্রাহকদের বারবার আহ্বান জানানো হলেও অনেকেই পাসপোর্ট নিতে আসছেন না।

তিনি বলেন, “পাসপোর্টগুলো সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। নির্ধারিত সময় পার হয়ে গেলেও গ্রাহকরা সংগ্রহ করছেন না। বিষয়টি বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে জানানো হয়েছে। পাশাপাশি নিয়ম অনুযায়ী জেলার প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) চিঠি দেওয়া হয়েছে। আশা করছি, দ্রুতই গ্রাহকদের কাছে পাসপোর্টগুলো পৌঁছে দেওয়া সম্ভব হবে।” তবে কোন উপজেলার কতটি পাসপোর্ট আটকে রয়েছে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করতে রাজি হননি এই কর্মকর্তা।

এ বিষয়ে বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, আইনশৃঙ্খলা বিষয়ক সভায় পাসপোর্ট অফিসের পক্ষ থেকে বিষয়টি তুলে ধরা হয়েছে। সাধারণ মানুষ যাতে দ্রুত তাদের পাসপোর্ট সংগ্রহ করেন, সে লক্ষ্যে প্রতিটি উপজেলায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

সংশ্লিষ্টদের মতে, পাসপোর্ট সংগ্রহে বিলম্বের পেছনে বিদেশযাত্রার পরিকল্পনা পরিবর্তন, যোগাযোগের ঘাটতি কিংবা ব্যক্তিগত নানা কারণ থাকতে পারে। তবে দীর্ঘদিন প্রস্তুত পাসপোর্ট অফিসে পড়ে থাকলে প্রশাসনিক জটিলতা যেমন বাড়ে, তেমনি নতুন সেবাগ্রহীতাদের জন্যও সেবা ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হয়।

এ অবস্থায় প্রস্তুত পাসপোর্টধারীদের দ্রুত নিজ নিজ পাসপোর্ট সংগ্রহের আহ্বান জানিয়েছে বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিস। তাদের আশা, প্রশাসনের সমন্বিত উদ্যোগে দীর্ঘদিন ধরে পড়ে থাকা পাসপোর্টগুলো দ্রুত গ্রাহকদের হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে।