উজিরপুর প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী

আগস্ট ০৩ ২০২৬, ১৭:২৯

উজিরপুর প্রতিনিধি : ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বরিশালের উজিরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উজিরপুর প্রেসক্লাব।

সোমবার (৩ আগস্ট) সকাল ১০টায় উজিরপুর উপজেলা পরিষদের প্রধান ফটকে বিলুপ্তপ্রায় সৌন্দর্যবর্ধক কৃষ্ণচূড়া গাছের চারা রোপণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী সুজা।

এ সময় উপস্থিত ছিলেন উজিরপুর প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ জাহিদ আলম, সদস্য সচিব সরদার সোহেল, সদস্য মাহাবুবুর রহমান, রফিকুল ইসলাম ও সোহাগ হাওলাদার, সাবেক সভাপতি মহশিন মিয়া লিটন, সাধারণ সম্পাদক নাসির শরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক কাওসার হোসেন, সদস্য নুরুল ইসলাম আসাদ ও খলিলুর রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিপন চন্দ্র, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাকির হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা তোফাজ্জল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পরে উজিরপুর প্রেসক্লাবের উদ্যোগে দিনব্যাপী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় ফলজ গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়।

এর মধ্যে রয়েছে মারকাযুল কারিম সালেমা মজিদ কওমি মাদ্রাসা, শিকারপুর জিজি মাধ্যমিক বিদ্যালয়, শোলক এম এ রশিদ মাধ্যমিক বিদ্যালয়, সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়, মার্দাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুসলিমপাড়া জামে মসজিদ, আদর্শ গ্রাম জামে মসজিদ, চৌকিদার বাড়ি জামে মসজিদ ও ঠাকুরহাট জামে মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

কর্মসূচিতে প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। এ সময় তারা শিক্ষার্থী ও সাধারণ মানুষকে বেশি বেশি গাছ লাগানো এবং গাছের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান।