রাজাপুরে তিন মাদকসেবীর কারাদণ্ড
আগস্ট ০৩ ২০২৬, ২২:৪৭
রাজাপুর প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে মাদকসেবনের দায়ে তিন যুবককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, ঝালকাঠির নলছিটি উপজেলার ভেড়নবাড়িয়া এলাকার মো. লতিফ জোয়াদ্দারের ছেলে মো. ইমন জোমাদ্দার (২৫), মো. মতি ফরাজীর ছেলে মো. সুমন ফরাজী (৩০) ও মো. মজিবর হাওলাদারের ছেলে মো. সোহাগ হাওলাদার (১৮)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে ওই তিন যুবক বিশখালী নদী পাড় হয়ে নলছিটির ভেড়নবাড়িয়া এলাকা থেকে রাজাপুর উপজেলার চল্লিশকাহনিয়া এলাকায় ইয়াবা ও গাঁজা কিনতে আসেন। এ সময় স্থানীয়রা তাদের আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেন। পরে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেন।
তাদের কাছ থেকে তিনটি ইয়াবা ট্যাবলেট ও এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের দোষী সাব্যস্ত করে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি এবং সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম রেজা সজিব।
সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম রেজা সজিব বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। মাদকসেবনের দায়ে তিনজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।









































