মিয়ারচরবাসীকে নদী ভাঙনরোধে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে-এমপি স্বপন
সেপ্টেম্বর ২৬ ২০২৬, ২২:০১
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকারের পক্ষ থেকে মিয়ারচরবাসীকে নদী ভাঙনরোধে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে তিনি বরিশালের গৌরনদী উপজেলার আড়িয়াল খাঁ নদীর তীরবর্তী মিয়ারচর নদী ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন।
পরে বেলা ১১টার দিকে মিয়ারচর লঞ্চঘাট এলাকায় নদী তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন করেন। এসময় স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি সরকারের পক্ষ থেকে মিয়ারচরবাসীকে নদী ভাঙন থেকে সর্বোচ্চ সুরক্ষা দেওয়ার আশ্বাস দিয়েছেন।
একই দিন জহির উদ্দিন স্বপন পালরদী নদীর বোরাদী গরঙ্গল, মোল্লারখাল, মাহিলাড়া ইউনিয়নের দক্ষিণ বিল্বগ্রামসহ ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে সরকারের পক্ষ থেকে ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইব্রাহীম, বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, সদস্য সচিব সফিকুর রহমান শরীফ স্বপনসহ স্থানীয় বিএনপির নেতারা।









































