বরিশালে আত্মকর্মসংস্থানের লক্ষে জামায়াতের উদ্যোগে ছাগল বিতরণ

সেপ্টেম্বর ২৭ ২০২৬, ২২:০৯

নিজস্ব প্রতিবেদক : অসহায় ও স্বাবলম্বী হতে আগ্রহী মানুষের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে ছাগল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে আয়োজিত এ কর্মসূচিতে উপকারভোগীদের মধ্যে ১৮টি ছাগল বিতরণ করা হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর।

সভাপতির বক্তব্যে মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, মানুষের কল্যাণে কাজ করা এবং অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো জামায়াতে ইসলামীর অন্যতম লক্ষ্য। সাময়িক সহায়তার পাশাপাশি মানুষের জন্য স্থায়ীভাবে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ ধরনের উদ্যোগের মূল উদ্দেশ্য। এরই ধারাবাহিকতায় উপকারভোগীদের মধ্যে ছাগল বিতরণ করা হয়েছে।

তিনি উপকারভোগীদের ছাগলগুলো যথাযথভাবে লালন-পালন ও বংশবৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতে পরিবারের আয়ের উৎস হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

মাওলানা বাবর বলেন, পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে একটি কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব। জামায়াতে ইসলামীর উদ্যোগে বিভিন্ন সময়ে সেলাই মেশিন ও গবাদিপশু বিতরণের মাধ্যমে মানুষের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। একজন মানুষকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দেওয়া হলে এর সুফল তার পরিবার ও সমাজেও দীর্ঘমেয়াদে ছড়িয়ে পড়ে।

তিনি আরও বলেন, সমাজের প্রতিটি মানুষ স্বাবলম্বী হয়ে উঠলে দারিদ্র্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। বরিশাল মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নগর জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, বরিশাল সদর উপজেলা আমীর মাওলানা শফিউল্লাহ তালুকদার, শামীম কবির, কাউনিয়া থানা আমীর মোস্তাফিজুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। ছাগল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির এ উদ্যোগের জন্য তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।