বরিশালে তিন হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩২
সেপ্টেম্বর ২৭ ২০২৬, ২২:২১
নিজস্ব প্রতিবেদক : বরিশাল মহানগরী ও জেলার আগৈলঝাড়ায় মাদকবিরোধী পৃথক অভিযানে মোট ৩ হাজার ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ ২৮ জন এবং আগৈলঝাড়া থানা পুলিশের অভিযানে ২ হাজার ১০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
বিএমপি সূত্রে জানা গেছে, শনিবার (২৬ সেপ্টেম্বর) গত ২৪ ঘণ্টায় মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে ২৮ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে একজনের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানায় দুইজন, নিয়মিত মামলায় ২২ জন, অন্যান্য আইনে দুইজন এবং বরিশাল মহানগর অধ্যাদেশে একজন রয়েছেন। নগরীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে এসব অভিযান পরিচালনা করা হয়।
বিএমপির মিডিয়া সেল রোববার (২৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে শনিবার দিবাগত রাতে আগৈলঝাড়া থানা পুলিশ মাদকবিরোধী পৃথক দুটি অভিযান চালিয়ে ২ হাজার ১০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তাররা হলেন—বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আবুল কালাম হাওলাদারের ছেলে মেহেদী হাসান (৩৫), ঝালকাঠির রাজাপুর উপজেলার হাইলাকাঠী গ্রামের মৃত মোসলেম খানের ছেলে রাশেদ খান (৩৩), আগৈলঝাড়া উপজেলার বরিয়ালী গ্রামের মৃত জাহাঙ্গীর হোসেনের ছেলে মনিরুল ইসলাম (২৫) এবং একই গ্রামের আফজাল সন্যামতের ছেলে হৃদয় সন্যামত (২৫)।
আগৈলঝাড়া থানা পুলিশ জানায়, সেরাল চৌরাস্তা এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রথমে ১০ পিস ইয়াবাসহ মনিরুল ইসলাম ও হৃদয় সন্যামতকে আটক করা হয়। পরে ওই অভিযান শেষে ফেরার পথে একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে আরোহীরা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ ধাওয়া করে মেহেদী হাসান ও রাশেদ খানকে আটক করে। পরে তাদের শরীর তল্লাশি করে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ্ মো. আনছার উদ্দিন ও তিনি ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেন।
পুলিশের জিজ্ঞাসাবাদে মেহেদী হাসান ও রাশেদ খান জানিয়েছেন, তারা গৌরনদী উপজেলার টরকী এলাকা থেকে হিরা মাঝি নামে এক ব্যক্তির কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা কিনেছেন। পরে মোটরসাইকেলে গ্রাম্য সড়ক ব্যবহার করে আগৈলঝাড়ার সেরাল হয়ে বরিশাল শহরের দিকে যাচ্ছিলেন বলে পুলিশকে জানান তারা। এ ঘটনায় আগৈলঝাড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।









































